রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে রাস্তায় নেমেছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী


নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে রাস্তায় নেমেছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

‘বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়, এ জন্য তারা রাস্তায় নেমেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নেতাকর্মীদের কারও উসকানিতে পা না-দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দ্বিতীয় দিনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না। বিদেশি কারও উপদেশ-নির্দেশেও চলব না। আমরা চলব সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নেন।

তিনি বলেন, বাংলাদেশ আর অন্ধকারে যাবে না। ২০০১ সালে আমরা অন্ধকারের বাংলাদেশ দেখেছি। সে সময় কিছু সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হতে দেখেছি। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: লাঠি দিয়ে ভয় দেখাতে যাবেন না, বিপদ হবে : হানিফ

তিনি নেতাকর্মীদের বলেন, তারা উসকানি দেওয়ার চেষ্টা করছে। গতকালও বাংলা কলেজের সামনে উসকানিমূলক কথা বলেছে, জনতা জেগে উঠেছিল। প্রতিবাদও করেছে। আজও তারা নানান জায়গায় উসকানি দিচ্ছে। আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। কারও উসকানিতে পা দেবেন না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি