শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাসমাবেশের আগের দিন বিএনপির সঙ্গে পিটার হাসের বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশের ঠিক ২৪ ঘণ্টারও কম সময়ের আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই বৈঠকটি শুরু হয় এবং শেষ হয় সকাল ১০টার দিকে। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকটি গুলশানের আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত হয়।

বিএনপির সমাবেশের আগের দিন পিটার হাসের এই বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে। কী কথা হলো পিটার হাসের সঙ্গে? তিনি কি কোনো পরামর্শ দিয়েছেন? নাকি বিএনপির পক্ষ থেকে কোনো কিছু জানাতে এই বৈঠক? বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিএনপির কেউ।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন বলে একটি সূত্র জানায়।

উল্লেখ্য,বিএনপি মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চেয়েছিল ডিএমপির কাছে। তবে জনভোগান্তির কথা বিবেচনা করে বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি