শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা ১৭ উপনির্বাচন: ভিসা নিষেধাজ্ঞায় আসতে পারেন ১২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০২৩

স্টাফ রিপোর্টার:

ঢাকা ১৭ উপনির্বাচন নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। এই উপনির্বাচনের শেষ পর্যায়ে হিরো আলমকে মারধরের বিষয়টি বৈশ্বিক রূপ লাভ করে। এ নিয়ে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এরপর ইউরোপীয় ইউনিয়নসহ ১২টি দেশের কূটনীতিকরা এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তার ব্যক্তিগত টুইট একাউন্ট থেকে এই ঘটনার নিন্দা জানান।

কিন্তু সরকার কূটনীতিকদের এই বিষয়টিকে বাড়াবাড়ি হিসেবে দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং পরবর্তীতে ১৩ দেশের কূটনীতিকদের তলব করে হিরো আলমের ঘটনায় তাদেরকে বিবৃতির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেন। বিশেষ করে বাংলাদেশ সরকার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পরও এ ধরণের বিবৃতি অনাকাঙ্ক্ষিত বলে কূটনীতিকদের জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু তারপরও এর রেশ এখনও কাটেনি।

বিভিন্ন সূত্রগুলো বলছে, ২৪মে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতি প্রয়োগ হতে যাচ্ছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। যারা এই ঘটনায় জড়িত ছিল, যারা হিরো আলমকে আঘাত করার নেপথ্যে ভূমিকা রেখেছে, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ এই ঘটনায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। এ ঘটনার ভিডিও ফুটেজ, হিরো আলমের মামলা এবং তার অভিযোগের পূর্ণ বিবরণ সংগ্রহ করা হয়েছে। যেকোনো সময় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে না। যে সমস্ত ব্যক্তিদের উপর ভিসা নীতি প্রয়োগ করা হবে তারা মার্কিন ভিসা পাবে না বা তাদের ভিসা থাকলেও সেটি বাতিল হয়ে যাবে। একই বিধান প্রযোজ্য হবে তাদের পরিবারের উপর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি