ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে খেলা শুরু করে শেষ করতে পারব না। খেলা হবে, খেলা হবে, মজাদার খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা।’
আজ বুধবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। জনসভায় উপস্থিত রয়েছেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে। আমরা পালাবে না। পালিয়েছে তাদের (বিএনপির) নেতা।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। আর পারবেন না। গোলাপবাগের গরুর হাটে একবার কোমর ভেঙে গেছে।’
উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘তাদের নেতা কে? নেতা কি আছে? তারেক রহমান কি নির্বাচন করতে পারবে?’ এ সময় সবাই সমস্বরে না না বলেন। বক্তব্যের শেষে তারেক রহমান ও জোবায়দা রহমানের রায়ের প্রসঙ্গ টেনে জয় বাংলা বলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন, প্রেডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শাজাহান খান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, মোস্তাফিজুর রহমান ফিজার, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন প্রমুখ।
মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।


























































