ডেস্ক রিপোর্ট:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি সারা দেশে হরতাল-অবরোধের নামে আগুন-সন্ত্রাস করলে জনগণের জান-মালের নিরাপত্তার জন্য দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিএনপির হরতাল-অবরোধ প্রতিহত করার জন্য আওয়ামী লীগকে লাগবে না, একটি সহযোগী সংগঠনই যথেষ্ট।
আজ শনিবার সকাল ১০টায় নওগাঁ নিয়ামতপুরের ভাবিচা ফুটবল মাঠে ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার মাথায় আছে বলেই দেশের স্বাস্থ্য, কৃষিসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এর আগে যারা মাথায় ছিল তারা সারের জন্য আন্দোলনরত কৃষকদের গুলি করে মেরেছে। আর বর্তমান সরকার দেশের কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে।
তিনি আরও বলেন, ২০৪১ সাল নয়, তার আগেই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। শাহজালাল বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর ও মেট্রোরেলসহ বর্তমান সরকার অনেক বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু কিছু লোক আছে তারা বাংলাদেশের উন্নয়ন-উন্নতি দেখে না। তারা বিভ্রান্তির সৃষ্টি করে। তাদের কথা বিশ্বাস করা যাবে না। দেশের উন্নয়ন-উন্নতি ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।
ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবাইদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগ সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং পরে বেলা সাড়ে ৪টায় নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি যোগ দেন।

























































