ডেস্ক রিপোর্ট:
মুক্তিযুদ্ধে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে জিয়াউর রহমান হানাদার বাহিনীর দোসর রাজাকার আলবদর পুনর্বাসন করেছিল।
শেখ হাসিনা বলেন, অবৈধভাবে জন্ম নেয়া বিএনপিকে দেশের জনগণ বিশ্বাস করে না। বাংলাদেশে আগুন সন্ত্রাসের নির্দেশনা আসে লন্ডন থেকে।
কিন্তু দেশের মানুষ আগুন নিয়ে খেলা মেনে নেবে না।
প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি বীরের জাতি। ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন- এ বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। কেউ দাবায়ে রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এবারের বিজয় দিবসে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেছে।
এসময় শেখ হাসিনা বলেন, আমেরিকা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সহযোগিতা করলেও মার্কিন নাগরিকরা বাংলাদেশের মুক্তিকামী জনগণের পাশে ছিল। সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোও আমাদের সমর্থন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সেসময়ে আমাদের পাশে ছিল মিত্র বাহিনী, মিত্র বাহিনীর শক্তি ভারত। ভারতের জনগণ, ভারতের তৎকালীন সরকার, বিশেষ করে ইন্দিরা গান্ধী এবং ভারতের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সমর্থন দেয়। ভারতের এমন কোনো দল ছিল না যে, আমাদের সমর্থন দেয়নি। এই মিত্র শক্তির সাথে সাথে আরো অন্যান্য দেশেরও সমর্থন পাই।























































