
মিয়ানমারে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ২২৬
মিয়ানমারে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ২২৬ জনে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
এর আগে ১১৩ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। গতকাল সোমবার আরও ৭৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিয়ানমারের জান্তা সরকারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াগির কারণে দেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সারা দেশের অন্তত ৮৪টি টাউনশিপ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার পানি রাজধানী নেপিদোতেও জমেছে।
সরকার জানিয়েছে, সারা দেশে বন্যাকবলিতদের সহায়তায় ৪৩৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তবে এখনো অনেক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যায় অন্তত ১ লাখ ৫৮ হাজার বাড়িঘর পানির নিচে চলে গেছে এবং ২ হাজার ১১৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই বন্যায় ৬ লাখ ৩১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
























































