বছরের শেষ বিরল সূর্যগ্রহণ, যেসব দেশ থেকে দেখা যাবে
এ বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী বুধবার (২ অক্টোবর)। জ্যোতির্বিদদের বরাত দিয়ে স্পেট ডটকম জানিয়েছে, এই সূর্যগ্রহণের সময় চাঁদ তুলনামূলকভাবে ছোট দেখাবে। এর ফলে সূর্যের আলো ঢেকে যাবে এবং একটি “রিং অব ফায়ার” তৈরি হবে। খবর এনডিটিভি।
সূর্যগ্রহণটি রিং অব ফায়ারে পরিণত হলে এটি ছয় ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকতে পারে। আগামী ২ অক্টোবর ভারতীয় সময় রাত ৯টা ১৩ মিনিটের দিকে সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে পরের দিন বিকাল ৩টা ১৭ মিনিটের দিকে।
বিরল এই সূর্যগ্রহণটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা যাবে, বিশেষ করে দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা থেকে। তবে ভারতের জন্য হতাশার খবর হলো, এই সূর্যগ্রহণ ভারতবাসীর দেখার সুযোগ থাকবে না।
বিজ্ঞানীদের মতে, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে, তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ, চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না, এবং এটিকে সূর্যগ্রহণ বলা হয়।
চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে এর দূরত্বও পরিবর্তিত হয়। কখনো চাঁদ পৃথিবীর কাছে থাকে আবার কখনো দূরে। চাঁদ যখন পৃথিবীর কাছে থাকে তখন এটি বড় দেখায় এবং দূরে গেলে ছোট দেখায়। যদি সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর কাছে থাকে, তবে তার বড় আকারের কারণে এটি সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে। অন্যদিকে, যখন এটি অনেক দূরে থাকে, তখন তার ছোট আকারের কারণে এটি সূর্যের মাঝের অংশকে ঢেকে রাখতে সক্ষম হয়, যার ফলে সূর্যের ধার দেখা যায় এবং আকাশে আগুনের বলয় তৈরি করে। একে বলা হয় “রিং অব ফায়ার”। আগুনের বলয়টি সম্পূর্ণ হতে ৩ ঘণ্টার বেশি সময় লাগতে পারে, তবে প্রকৃত রিং অব ফায়ার কয়েক সেকেন্ড থেকে ১২ সেকেন্ডের মধ্যে দেখা যায়।























































