বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আবু সাঈদ হত্যা: ডিআইজি বাতেনসহ ১৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা


আবু সাঈদ হত্যা: ডিআইজি বাতেনসহ ১৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৪

আবু সাঈদ হত্যা: ডিআইজি বাতেনসহ ১৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডে করা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে আবেদন করলে, আদালত শুনানি শেষে ২ অক্টোবর রংপুর মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে মামলার প্যানেল আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন এ তথ্য নিশ্চিত করেন।

যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারা হলেন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল, এসআই বিভূতিভূষণ, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, বেরোবি ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামিম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, বাবুল হোসেন এবং বেরোবি কর্মকর্তা রাফিউর হাসান।

আইনজীবীরা আরও জানান, এই আসামিরা এখনো গ্রেফতার হননি এবং তাদের দ্রুত গ্রেফতারের প্রয়োজন।

আবু সাঈদের হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী ১৮ আগস্ট রংপুর মহানগর তাজহাট আমলি আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা ১৩০-১৩৫ জনকে আসামি করা হয়েছে।

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকায় অন্য একটি মামলায় গ্রেফতার রয়েছেন। এছাড়া, ফায়ারিংয়ে জড়িত পুলিশ সদস্য এএসআই সৈয়দ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তদন্তের অংশ হিসেবে আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং মামলার প্রয়োজনীয় নথি ও আলামত সংগ্রহ করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি