বিদেশি বিনিয়োগ বাড়াতে শ্রম খাতে সংস্কারের আশ্বাস প্রধান উপদেষ্টার
দেশের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম খাতের গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশে সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “শ্রম ইস্যু আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা সব শ্রম খাতের সমস্যা সমাধানে আন্তরিকভাবে আগ্রহী।”
বৈঠকে থেরেসা মে বাংলাদেশে তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া মানব পাচার ও অভিবাসন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।
ড. ইউনূস ইউরোপে বৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি অভিবাসন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, কারণ এটি ঝুঁকিপূর্ণ এবং অনিয়মিত অভিবাসন হ্রাস করবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করবে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা থেরেসা মে’কে বাংলাদেশি তরুণদের দ্বারা জুলাই-আগস্ট বিপ্লবে আঁকা গ্রাফিতি ও ম্যুরাল নিয়ে লেখা বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং আজারবাইজান ও তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক।
















































