মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০২৪

ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারেরভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম প্রতিদিন মিথ্যা প্রচার চালাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রাম সম্পর্কে ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট প্রচার করছে। তারা প্রতিদিনই ভুল তথ্য ছড়াচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ জানানো হবে।

সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা যদি কোনো ভুল করে থাকি, তা বলবেন, কিন্তু যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি থাকে, সেটাও বলবেন। সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো সমস্যা নেই। তবে মিথ্যা রিপোর্ট দেবেন না। ভারতীয় মিডিয়া মিথ্যা রিপোর্ট দিয়ে যেভাবে সত্যি সংবাদও ভুল বলে উপস্থাপন করছে, তা ঠিক নয়।’ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত মিথ্যা তথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

পুলিশের আস্থার বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের আস্থা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে এই আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়। এর জন্য সময়ের প্রয়োজন। পুলিশ কিছু সময়ের মধ্যেই ট্রমার মধ্য দিয়ে গেছে, এবং সেখানে সময় দেওয়া উচিত। অস্থির হওয়া উচিত নয়।’ তিনি প্রশ্ন করেন, ‘এখন কেন এত অস্থিরতা?’

মাদক সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে মাদক একটি বড় সমস্যা। যারা মাদক বহন করে তাদের আমরা ধরছি, তবে মূলহোতারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা মূলহোতাদের ধরার চেষ্টা করছি এবং সব বাহিনী একসঙ্গে এই কাজে নিয়োজিত।’

এছাড়া, জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে তুলতে হবে। জনবান্ধব হতে বাহিনীর সমস্যাগুলো সমাধান করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।’

এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, সেনাবাহিনী ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি