রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২৪

বিজয় দিবস উদযাপনেবিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে জাতীয় এই দিবস উদযাপন করতে পারে এবং কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা এড়ানো যায়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। এটিকে আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে অর্জিত বিজয় কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এ বিজয় সবার, সব বাংলাদেশির। তাই সকলের অংশগ্রহণে এ বছর বিজয় দিবস সুন্দর ও সফলভাবে উদযাপন হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে জাতীয় পতাকার সঠিক রং, মাপ ও উত্তোলনের নিয়ম মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, রাস্তায় যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয়গুলোও আলোচনা হয়েছে।

বিজয় দিবসে আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) খোদা বকশ চৌধুরী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এনডিসি-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি