তিন দিনের মধ্যে ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ: হাইকোর্ট
হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল আগামী তিন দিনের মধ্যে বন্ধ হতে যাচ্ছে। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী সানজিদ সিদ্দিকী এবং তাহসিনা মৃদু। শুনানির সময় তারা আদালতকে জানান, ব্যাটারিচালিত রিকশার অবৈধ চলাচল রাজধানীর যানবাহন এবং সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার রাস্তায় প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। যদিও প্রধান সড়কে চলাচলের অনুমতি নেই, তবুও এসব যানবাহন নিয়ম ভঙ্গ করে দাপিয়ে বেড়াচ্ছে।
গত দুই মাসে আইনশৃঙ্খলা বাহিনী লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তা সত্ত্বেও, অবৈধভাবে চলা এসব রিকশা সড়ক ব্যবস্থাপনায় সমস্যা তৈরি করছে এবং সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
আদালতের এই নির্দেশনা কার্যকর হলে, রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




















































