শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০২৪

এডেন উপসাগরেএডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা

ডেস্ক রিপোর্ট:

এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। এ খবর প্রকাশ করেছে আল আরাবিয়া।

সেন্টকম জানিয়েছে, শনিবার ও রোববার এডেন উপসাগরে ট্রানজিট করার সময় ইউএসএস স্টকডেল (ডিডিজি ১০৬) এবং ইউএসএস ও’কেন (ডিডিজি ৭৭)-এ হুতিদের চালিত অস্ত্র হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে। এ সময় তারা তিনটি মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজকে নিরাপদে নিয়ে যাচ্ছিল। এ হামলায় কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো কর্মী হতাহত হননি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, জাহাজ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি জাহাজ-বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এএসবিএম), তিনটি ওয়ান-ওয়ে অ্যাটাক আনক্রুড এরিয়াল সিস্টেম (ওডাব্লিউএ ইউএএস), এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল (এএসসিএম) সফলভাবে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে হুতিদের হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে। সাধারণত, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে তারা। এসব হামলার ফলে ওই রুটে জাহাজ চলাচলে নেতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা হুতিদের ওপর যৌথভাবে পাল্টা হামলা চালিয়েছে। তবে এসব হামলা বিদ্রোহীদের দমন করতে পারেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি