‘দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এমন রাজনীতি করা উচিত নয়, যার ফলে ফ্যাসিবাদের মতো পরিস্থিতি তৈরি হয় এবং মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। জাতিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। ফ্যাসিবাদের নতুন ধারা বা অধ্যায় যেন সৃষ্টি না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। এসব থেকে সরে আসুন। যদি ফিরে না আসেন, তাহলে আমাদের সংগ্রাম চলতেই থাকবে।’
শনিবার লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অতীতে সোনার বাংলা গড়ার নামে শোষণ করা হয়েছে। এখন জাতি দুঃশাসন থেকে মুক্তি চায়। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে এগিয়ে আসতে হবে।’
কারাবন্দি এ টি এম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, ‘তার মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। একে একে সব জাতীয় নেতা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার রয়ে গেছেন।’
লক্ষ্মীপুর জেলা জামায়াতের সভাপতি আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এই জনসভায় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম ও মোবারক হোসেনসহ স্থানীয় ও জেলার নেতৃবৃন্দ।
























































