শনিবার,১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » জাতি এখন সাবেক প্রধান বিচারপতির ন্যায্য শাস্তি দেখতে চায়: জামায়াত আমির


জাতি এখন সাবেক প্রধান বিচারপতির ন্যায্য শাস্তি দেখতে চায়: জামায়াত আমির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০২৫

ডেস্ক রিপোর্ট:

জাতি গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের সুষ্ঠু বিচার ও ন্যায্য শাস্তি দেখতে চায় বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে এ বি এম খাইরুল হকের বিচারের অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে জামায়াত আমির লিখেন, এ বি এম খাইরুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি। এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতোপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সব অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেয়া হয়েছিল।

সাবেক এই প্রধান বিচারপতির গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে পোস্টে তিনি আরও লিখেছেন, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন- এই আশাই রাখি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি