বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল


হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২৫


ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে।

পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন অ্যাটর্নি জেনারেল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই।’ এ সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোনো স্বৈরাচারের কি পরিণতি হয়েছে, তা আদালতের সামনে তুলে ধরেন।

আজকের বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

শেখ হাসিনা ছাড়াও এই মামলায় অন্য দুই আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি