শনিবার,১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল : সালাহউদ্দিন আহমদ


উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল : সালাহউদ্দিন আহমদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০২৫


ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি গণমানুষের দল, উত্তর বা দক্ষিণপন্থী নয়; বিএনপি বাংলাদেশপন্থী বা মধ্যপন্থী দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সে রকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এ জন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে সরকার যা অর্জন করেছে, এর বেশি হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা আরো বেশি ছিল। তবে সরকার বিভিন্ন সময়ে, যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নিতে ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠির বিষয়ে তিনি বলেন, ‘জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে। নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইনকানুন প্রণয়ন করা হবে বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। এ ছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখতে হবে সেনাবাহিনীকে। জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে, জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা গৌণ হবে।

অন্য দলের সঙ্গে জোটের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের এই সদস্য বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি