গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), রাজাহার ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে নুরনবী মহুরী (৫৭) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের মোকচ্ছেদ মিয়ার ১৯ দিনের শিশু পুত্র পরাগ মিয়া। নিহত জাহিদুল ইসলাম পিয়ারাপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও একটি যাত্রীবাহী অটোরিকশা গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। খলসী এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান এবং আরও ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে থানার ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।


















































