গাজা রক্ষায় সেনা পাঠানোর আহ্বান জানালেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট
বিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে হামলা ও দখল পরিকল্পনার পাশাপাশি অবৈধ বসতি স্থাপনের উদ্যোগ নিচ্ছে ইসরায়েল সরকার। এ অবস্থায় উপত্যকার মানুষকে দখলদার বাহিনীর হাত থেকে রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিনস।
রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট জানায়, এক দিন আগে আয়ারল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিইকে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান প্রেসিডেন্ট হিগিনস।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের উচিত মানবিক সহায়তা নিশ্চিত করতে বাহিনী গঠন করা। তার মতে, নিরাপত্তা পরিষদ ভেটো দিলেও জাতিসংঘ মহাসচিব নিজ উদ্যোগে সেনা পাঠাতে পারেন।
হিগিনস বলেন, “সাধারণ পরিষদের কোনো একটি কমিটি সমর্থন দিলেই মহাসচিব মানবিক সহায়তার জন্য সেনা পাঠাতে পারেন। এজন্য সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন এক বাস্তবতায় বাস করছি যেখানে কারও কোনো দায়বদ্ধতা নেই। ইসরায়েলি মন্ত্রীরা এখন অবৈধ বসতি স্থাপনে ব্যস্ত। তারা আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করছে এবং পশ্চিম তীর ও গাজার যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনাও করছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর তেল আবিব গাজায় সামরিক অভিযান শুরু করে। এর পরের বছর মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। একই সময়ে স্পেন ও নরওয়েও ফিলিস্তিনকে স্বীকৃতি জানায়।
তখন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছিলেন, “এই স্বীকৃতির গভীর রাজনৈতিক ও প্রতীকী তাৎপর্য রয়েছে।” তিনি আন্তর্জাতিক আইন মেনে ফিলিস্তিনের ভৌগোলিক অখণ্ডতা, স্বশাসন ও নিরাপত্তার ওপরও গুরুত্ব দিয়েছিলেন।


























































