বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পশ্চিম আফ্রিকার উপকূলে নৌকাডুবি: অন্তত ৭০ অভিবাসীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০২৫

পশ্চিম আফ্রিকার উপকূলে নৌকাডুবি: অন্তত ৭০ অভিবাসীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার উপকূলে নৌকাডুবি: অন্তত ৭০ অভিবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপমুখী অভিবাসীদের জন্য বহুল ব্যবহৃত এই রুটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা।

গাম্বিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার ভোরে মৌরিতানিয়ার উপকূলে গাম্বিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী ছিলেন গাম্বিয়ান ও সেনেগালিজ নাগরিক। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন, যাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

প্রায় ১৫০ জন যাত্রী বহনকারী নৌকাটিতে থেকে এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৌরিতানিয়ার কর্তৃপক্ষ বুধবার ও বৃহস্পতিবার উদ্ধার করেছে ৭০টি মরদেহ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

আফ্রিকান অভিবাসীরা সাধারণত পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আটলান্টিকের এই বিপজ্জনক রুট ব্যবহার করে স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই পথকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, শুধু গত বছরই ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৪৬ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী। অন্যদিকে, অধিকার গোষ্ঠী ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস জানিয়েছে, এ যাত্রায় অন্তত ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের উদ্দেশে এই ধরনের জীবনসংহারী যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি