
২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানান, বিএনপি তাদের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনতে চায়।
মির্জা ফখরুল বলেন, ২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহযোগিতা করছে। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবকে আমরা ইতিবাচকভাবে দেখছি।
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন। বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
আন্দোলন সংগ্রাম নিয়ে তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে। তারেক রহমান এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণ ও ছাত্রসমাজের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে পরাজিত করতে সক্ষম হয়েছি।























































