গ্রেনেড হামলা মামলায় ন্যায়বিচার পেয়েছেন তারেক রহমান: কায়সার কামাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার দাবি, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগ হাইকোর্টের খালাসের রায় বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
কায়সার কামাল বলেন, “শেখ হাসিনা ব্যক্তিগত জিঘাংসা থেকে তারেক রহমানকে এ মামলায় জড়িয়েছিলেন। কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হলো তিনি নির্দোষ। এজন্যই তিনি খালাস পেয়েছেন।”
তিনি আরও বলেন, “এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে শেখ হাসিনা প্রকৃত অর্থে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি। যদি সত্যিকারের অপরাধীদের বিচারের ইচ্ছা থাকত, তবে তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানকে মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপির পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”
এর আগে একইদিন সকালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। তবে হাইকোর্টের দেওয়া নতুন করে তদন্তের পর্যবেক্ষণটি সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে।
আদালত রায়ে উল্লেখ করেছেন, নতুন করে তদন্ত হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সরকারের বিষয়।
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন।

























































