বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০২৫

নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালে তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে ওলি বলেন, চলমান রাজনৈতিক সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করতেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

রাজধানী কাঠমান্ডুসহ দেশজুড়ে সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বিভিন্ন প্রভাবশালী রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ও তাদের আক্রমণের শিকার হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, মঙ্গলবারের বিক্ষোভে দুজন নিহত হয়েছেন এবং প্রায় ৯০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এর আগে সোমবার থেকেই দুর্নীতি, অর্থ পাচার, অনিয়ম এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালের তরুণ প্রজন্ম বিক্ষোভ শুরু করে। সেদিন বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার রাতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মঙ্গলবার সকালে কৃষিমন্ত্রী পদত্যাগ করেন। তবে বিক্ষোভকারীদের দাবি ছিল একটাই—প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি