ডেস্ক রিপোর্টঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে ২৮ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য ও নীতি-আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ২৮ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন—
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম, মো. মনির হোসেন (মাটি মুনির), বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা, গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার, ১১, ১২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজা আক্তার, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর হাসিনা আক্তার বীথি, ৩৪নং ওয়ার্ড নেতা মো. মাহাফুজুর রহমান, ১৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, ১১নং ওয়ার্ডের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমসহ আরও অনেকেই।
এ ছাড়া বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ ও ছাতকের আরও বেশ কয়েকজন সাবেক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকেও ইতোপূর্বে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারও প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান পূর্বে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত থাকা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)–এর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে আবারও স্বপদে বহাল করা হয়েছে।





















































