শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


এখনও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে একটি মহল: খসরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০২৫


ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে গণতন্ত্রবিরোধী একটি মহল এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

আমীর খসরু বলেন, ‘একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি ও বাধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। বাংলাদেশের জনগণ এটা মানবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার মতো জোর-জবরদস্তি করবেন না। আমরা সাংঘর্ষিক রাজনীতি চাই না। সহনশীল রাজনীতির পথে চলছি। দ্বিমত পোষণ করলেও অন্যের মতকে সম্মান করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা জনগণের কাছে যাবে। কিন্তু গোলটেবিল বৈঠক করে জনগণের ওপর চাপিয়ে দিবেন না, এটা অগণতান্ত্রিক।’

তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনও অনেক কিছু সহ্য করে যাচ্ছে। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।

নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাকে মনোনয়ন দেয়া হবে, তার হয়ে কাজ করতে হবে। ভালো মন্দ বিচার করা জনগণের কাজ। নির্বাচন যুদ্ধে জিততে হবে, না হলে গণতন্ত্র হেরে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি