বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নীতি-আদর্শ-পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন আহমদ


নীতি-আদর্শ-পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন আহমদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২৫


ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলের নীতি-আদর্শ ও পরিকল্পনা নেই তারা শুধু ধর্মের নামে ‘ট্যাবলেট’ বিক্রি করে। আর বিএনপির হাতে রয়েছে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা।

সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে কী সুষ্ঠু পরিকল্পনা আছে তা মানুষের কাছে তুলে ধরতে।’ জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদের জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশন কোথায়। জনগণ এসব বোঝে।’ তার মতে, রাষ্ট্র পরিচালনায় আগে থেকে স্পষ্ট পরিকল্পনা না করলে তা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করার শামিল।

তিনি আরও বলেন, ‘যে দলের কোনও নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধু ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। জনগণ ইতোমধ্যে তাদের চেনে, তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।’

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।’

সাত দিনব্যাপী বিএনপির এ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিষয়ে মানুষের মতামত নেবে বিএনপি। এর আলোকে প্রস্তুত করা হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। গতকাল উদ্বোধন হওয়া এ কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি