রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনায় শিশু সাইয়েদার মৃত্যু, বড় বোন আইসিইউতে, মা-বাবা চিকিৎসাধীন


কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনায় শিশু সাইয়েদার মৃত্যু, বড় বোন আইসিইউতে, মা-বাবা চিকিৎসাধীন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭ বছরের শিশু সাইয়েদার বাড়িতে চলছে শোকের মাতম। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের এই পরিবারের কান্না ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে।

শনিবার (২১ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়। তাদেরই একজন সাইয়েদা।

পরিবারের সদস্যরা জানান, শনিবার ফরিদপুর থেকে লক্ষ্মীপুরে বাড়ি ফিরছিলেন তারা। রাত প্রায় ৩টার দিকে বাসটি কুমিল্লা পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাইয়েদাসহ অন্তত ১২ যাত্রী। এ সময় গুরুতর আহত হয়েছেন সাইয়েদার মা রাজিয়া বেগম, বাবা হাফেজ সিরাজুল ইসলাম ও বড় বোন আফনান (২২)। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এরমধ্যে আফনান আইসিইউতে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

জানা গেছে, সাইয়েদার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামে হলেও নদী ভাঙনের শিকার হয়ে তার বাবা হাফেজ সিরাজ উদদৌলা সদর উপজেলার চরমনসা গ্রামে নতুন বাড়ি নির্মাণ করেছিলেন। হাফেজ সিরাজ উদদৌলা দীর্ঘদিন ধরে ফরিদপুরের একটি জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত। দুই বছর আগে বড় ছেলে রোমানকে দুরারোগ্য ব্যাধিতে হারানোর পর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি ফরিদপুরেই থাকতেন। এবারের ঈদে গ্রামের বাড়িতে নির্মাণাধীন নতুন ঘরে তোলার কথা ছিল তাদের।

সরেজমিন জানতে চাইলে সাইয়েদার চাচি সাহিনুর সুলতানা কান্নাজড়িত কণ্ঠে জানান, দুই বছর আগে ভাসুর তার এক ছেলেকে হারিয়েছেন, এখন ছোট মেয়েটাও চলে গেল। বড় মেয়েটা আইসিইউতে, আর ভাসুর ও তার স্ত্রীও মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন। এবার বাড়িতে ফিরে নতুন ঘরে উঠে আনন্দ করার কথা ছিল, কিন্তু এখন আমরা শোকে পাথর হয়ে গেছি। ওর মা-বাবা ফিরে এসে যখন সন্তানের কবর দেখবে, তখন তাদের কী সান্ত্বনা দেব?

সাইয়েদার মামা আবি আবদুল্লাহ জানান, দুর্ঘটনায় সাইয়েদার বড় বোন আফনান (২২), বাবা সিরাজ উদদৌলা ও মা রাজিয়া সুলতানা বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে আফনান আইসিইউতে ভর্তি। শুনেছি তার অবস্থাও সংকটাপন্ন।

তিনি বলেন, সাইয়েদার মা রাজিয়া সুলতানার শরীরের হাড় ভেঙে গেছে এবং বাবা সিরাজ উদদৌলা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।

সাইয়েদার ফুফা আব্দুর রব বলেন, মেয়েটা প্রতিবছর ঈদে বাড়িতে এসে আমাদের গ্রামটাকে কয়েকদিন ধরে মাতিয়ে রাখতো, আনন্দ-উল্লাস করতো। সাইয়েদা এবারও সেই আনন্দে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু একটি দুর্ঘটনা সব আনন্দ কেড়ে নিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি