ডেস্ক রিপোর্টঃ
মেয়ে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণামূলক বন্ধুত্ব গড়ে তুলে ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের মতো নৃশংস অপরাধে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রাশেদুল ইসলাম রাব্বি (৩০) মূলত রাজধানীর মিরপুর এলাকার তরুণীদের টার্গেট করতেন এবং যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজস্ব আস্তানায় নিয়ে গিয়ে তাদের ওপর নির্যাতন চালাতেন।
বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এ তথ্য জানান। এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে দনিয়া কলেজের সামনে থেকে তাকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, রাশেদুল ফেসবুকে নারী পরিচয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতেন। পরে কৌশলে তাদের মেট্রো স্টেশনের নিচে দেখা করার প্রলোভন দেখিয়ে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ ও বর্ণমালা স্কুলের আশপাশের এলাকায় নিয়ে যেতেন। সেখানে তার দুটি নির্দিষ্ট বাসা ছিল, যেখানে সময়ভেদে ভিকটিমদের নিয়ে গিয়ে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হতো। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি।
তদন্তকারীরা জানান, প্রথমে একটি পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে আরও ১০টি নতুন অভিযোগের তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রাশেদুল তার বর্তমান স্ত্রীকেও একই কৌশলে ফাঁদে ফেলে বিয়ে করেছিলেন। তিনি প্রযুক্তিগতভাবে দক্ষ হওয়ায় ভিকটিমদের ফোন জব্দ করে ভিডিও মুছে ফেলার কথা বলে বারবার টাকা দাবি করতেন। উদ্ধার হওয়া ফোনগুলো বিশ্লেষণ করে একাধিক যৌন সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশের ধারণা, তার শিকার হওয়া নারীর সংখ্যা আরও বেশি হতে পারে। কেউ যদি এ ধরনের ঘটনার শিকার হয়ে থাকেন, তাহলে তাদেরকে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাশেদুলের বাড়ি মুন্সীগঞ্জের পুরান কামারগাঁ এলাকায়। তার বাবার নাম শাহজাহান মল্লিক।
যাত্রাবাড়ী থানা জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।


















































