ডেস্ক রিপোর্টঃ
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা সরাইলের হাসপাতালের দুরবস্থার চিত্র তুলে ধরে বলেছেন, “হাসপাতালটি নিজেই যেন একজন রোগী।”
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবের ওপর সংশোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একটি ৫০ শয্যার হাসপাতাল, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তিনি হাসপাতালের জনবল সংকটের কথাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, সেখানে কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি এবং স্বাস্থ্য সহকারীর ৮টিসহ মোট ৬৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামেরও তীব্র অভাব রয়েছে, যা রোগীদের সেবাপ্রদানকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় এখনো পুরোনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে অন্যান্য সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার হাসপাতালগুলোর সংকট, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল নির্মাণের দাবি জানান।





















































