শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তনের আভাস


অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তনের আভাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০২৬

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তনের আভাস

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এই কাউন্সিলে মহাসচিব পদে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানান মির্জা ফখরুল। একইসঙ্গে কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, কাউন্সিলের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরের মধ্যেই তা অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ের সম্মেলনগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

প্রায় এক দশক আগে বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আন্দোলন ও নানা ব্যস্ততার কারণে নতুন কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে সাম্প্রতিক নির্বাচন শেষ হওয়ার পর বিষয়টি আবার গুরুত্ব পেয়েছে এবং দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির বৈঠকেও এটি নিয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। তার ভাষায়, “আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। এরপর অবসর নিতে চাই। আমার বয়স হয়েছে, শারীরিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছি।”

রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। আমি যেখানে পৌঁছেছি, তা ভাগ্যের কারণেই। ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা আমাকে এখানে নিয়ে আসেনি।”

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ সালের ২০ মার্চ থেকে পাঁচ বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়।

তিনি ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেন। ১৯৮৮ সালে নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৯০-এর দশকের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন এবং ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি