রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে তার ছেলেরা অংশ নিয়েছেন। তবে, মোজতবা খামেনি জানাজায় অংশ নেননি বলে জানা গেছে। আজ রোববার (৫ জুলাই) মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, খামেনির ছেলে মাসুদ, মেসাম এবং মোস্তফা তার বাবা ও প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জন্য আয়োজিত জানাজায় অংশ নিয়েছেন। আইআরজিসির কমান্ডার আহমদ ভাহিদিও এতে অংশ নেন। তবে, ইসরায়েলি হামলার আশঙ্কা থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনির আরেক ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এতে যোগ দেননি।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, ইরানের ইসলামী বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজে রোববার (৫ জুলাই) তেহরানে হাজার-হাজার শোকাহত মানুষ অংশ নেন। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে বোশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আলি খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি