আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সাম্প্রতিক সামরিক সংঘাতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো আগ্রহ নেই ইসরাইলের। দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ স্থানীয় সংবাদমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করেছেন। সম্প্রতি এক সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরাইল স্বপ্রণোদিত হয়ে এই উত্তেজনার অংশ হতে চায় না।
ইসরাইলের দৈনিক সংবাদপত্র হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী স্মোটরিচ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সীমিত দ্বন্দ্বের বর্তমান পরিস্থিতিটিই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সেরা। আমরা আগ বাড়িয়ে এই সংঘাতের মধ্যে নিজেদের জড়িয়ে নিতে চাই না।
উল্লেখ্য, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দরকষাকষি চলাকালে ওয়াশিংটনের অনুরোধেই ইসরাইল মূলত এই সংঘর্ষ থেকে দূরে রয়েছে। গত মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।
স্বল্পমেয়াদী এই বিরতির পরপরই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় পাল্টাপাল্টি হামলা শুরু হয়। তবে এই নতুন উত্তেজনার মধ্যেও নিজেদের আগের নিরপেক্ষ অবস্থানেই অটল রয়েছে ইসরাইল।
সূত্র: দ্য গার্ডিয়ান।
























































