সোশ্যাল মিডিয়ায় নিজের অভাব-অভিযোগ জানালে শাস্তির মুখোমুখি হতে হবে বলে সেনাসদস্যদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। রোববার সেনাদিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, জওয়ানদের অভাব-অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে যে পদক্ষেপ নেয়া হবে, তাতে সন্তুষ্ট না হলে তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে নির্দিষ্ট জায়গা বা মাধ্যমের বাইরে কিছু জানালে জওয়ানদের দোষী হিসেবে সাব্যস্ত করা হবে। এজন্য তাদের শাস্তিও হতে পারে।
কয়েকদিন আগেই সীমান্তে কর্তব্যরত তেজ বাহাদুর যাদব নামের এক সেনাসদস্য সোশ্যাল মিডিয়ায় নিজেদের দূরবস্থা তুলে ধরে ভিডিও পোস্ট করেন। এই ভিডিও প্রকাশের পর অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
শুক্রবার ল্যান্স নায়েক যজ্ঞপ্রতাপ সিং নামের এক সেনাসদস্য ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানান, সেনা-জওয়ানরা সিনিয়র অফিসারদের জুতা পালিশ করে দেয়া বা সহায়ক হিসেবে কাজ করতে চান না। সিনিয়রদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠিও লিখেছেন বলে জানান।
সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, বাহিনীতে দুর্ধর্ষ অভিযোগ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। পরামর্শ ও অভিযোগ জানানোর জন্য একটি বাক্স রাখা থাকে। সেখানেই যেকোনো পদের সৈনিকরা নিজেদের অভিযোগ জানাতে পারেন। তারা এই ব্যবস্থার মাধ্যমে সরাসরি চিঠি লিখতে পারেন সেনাপ্রধানকেও। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
























































