
স্টাফ রিপোর্টারঃ
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ২৫টি বৈশিষ্ট্য সম্পন্ন নিরাপদ ডিজিটাল ভোটিং মেশিন তৈরি করা হচ্ছে। যাতে ভোট প্রদান ও গননায় কোন ত্রুটি থাকবে না। তাছাড়া এটি কেউ হ্যাকও করতে পারবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন অধ্যাপককে দিয়ে এ মেশিনটি পরীক্ষা করা হচ্ছে।
শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে নগরীর ছোটরায় অবস্থিত কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দিন আহমদ এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দিন আহমদ আরো বলেছেন,সারাদেশে ৯ কোটি স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। তা খুবই উন্নত মানের । এতে ফিংগার প্রিন্ট এর পাশাপাশি চোখের কর্ণিয়ারও ছবি থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রফিক উদ্দিন মন্ডল, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, নোয়াখালীর সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন, চাঁদপুরের জেলা নির্বাচন অফিসার মো: আতাউর রহমান, বি-বাড়িয়া জেলার নির্বাচন অফিসার আবদুল্লাহ আল মামুন, ফেনি জেলার নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন, লক্ষীপুর জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারী মোঃ ইব্রাহিম।
পরে প্রধান নির্বাচন কমিশনার আঞ্চলিক সার্ভার স্টেশন প্রাঙ্গনে একটি ফলজ গাছ রোপন করেন এবং প্রধান অতিথিসহ অন্যান্যরা সার্ভার স্টেশন ভবন পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় ৩৬ শতাংশ জমির উপর সিএসএসইডি প্রকল্পের আওতায় ৫ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে ৫ তলা ভিত বিশিষ্ট ৪-তলা আঞ্চলিক সার্ভার স্টেশন নির্মাণ করা হয়। ২০১২ সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু হয়। ২০১৬ সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ হয়।

















































