পূর্বাশা ডেস্ক:
টিম সাউদি বেশ তৃপ্তি নিয়ে বললেন কথাটা। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওভারপ্রতি রান কমিয়ে আনা গেছে। লাঞ্চের আগ পর্যন্ত সেটা ছিল সাড়ে চারের ওপর। চা-বিরতির সময় চারের কাছাকাছি। আর দিন শেষে তো সাড়ে তিনের মতো।
বাংলাদেশ দলকে এক দিনেই অলআউট করতে পারাটাকে সাফল্য মনে করেন কিউই এই পেসার। কিন্তু ব্যাটসম্যানদের প্রশংসাটা তবু যাচ্ছে না তাঁর মুখ থেকে। ফিল্ডারদের ছোট ছোট ভুলের সুযোগ নেওয়া, ব্যাটিংয়ে ইতিবাচক মানসিকতার ছাপ—প্রশংসা সবকিছুরই। আসলেই তো! অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ নিয়ে এই কন্ডিশনেও পুরো একটা দিন কাটিয়ে দিয়ে তিন শর কাছাকাছি রান করা—ওয়েলিংটন টেস্টের শেষ দিনের দুঃস্বপ্ন মাথায় নিয়ে এর চেয়ে ভালো আর কীই-বা করা যেত!
একজনের এর আগে ছিল মাত্র তিন টেস্টের অভিজ্ঞতা। আর দুজন টেস্টই খেলেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের অনভিজ্ঞ বাংলাদেশ দলে এই তিনজনই নতুন সংযোজন। কেউই হতাশ করেননি। সৌম্য সরকারের টেস্ট-সর্বোচ্চ ৮৬ রানের পর নুরুল হাসান ও নাজমুল হোসেনের ৫৩ রানের জুটির সৌজন্যে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ২৮৯ রান। ওয়েলিংটন টেস্টের দুঃস্বপ্নই যেন ভুলতে শুরু করল বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে বৃষ্টি হয়েছে। কাল সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও বাতাসের ভীষণ দাপট ছিল। হাত-পা জমিয়ে ফেলা কনকনে ঠান্ডা হাওয়া তাপমাত্রা নামিয়ে আনে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এমন কন্ডিশনের কথা ভেবেই হয়তো টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। উইকেটে মুভমেন্ট ছিল। সে জন্য শুরুতেই শর্ট বল বা বাউন্সারের অস্ত্র বের করলেন না কিউই ফাস্ট বোলাররা। আগে প্রকৃতির দানটাকে নিতে চাইলেন। তবে মাঝে মাঝে দু-একটা বলে ব্যাটসম্যানদের পরীক্ষা ঠিকই নিয়ে নিচ্ছিলেন নিল ওয়াগনার-টিম সাউদিরা। বাংলাদেশের বেশির ভাগ উইকেটই গেছে আচমকা পাঁজরের কাছে লাফিয়ে ওঠা সেসব বলে।
ইনিংসের চতুর্থ ওভারে ও রকমই এক বলে গ্লাভস ছুঁইয়ে সাউদির প্রথম শিকার তামিম ইকবাল। ব্যাপক অদল-বদলের দলে তিন নম্বরে উঠে এসেও হারানো ফর্মের দেখা পাননি মাহমুদউল্লাহ। সাকিবের ৫৯ রানের ইনিংস শেষ হয়েছে তামিমের মতোই বুকসমান উচ্চতায় উঠে আসা সাউদির একটা বলকে অনে ঠেলতে গিয়ে।
বাংলাদেশের ইনিংসে আলোটা বেশি পড়ছে তৃতীয় উইকেটে সাকিব-সৌম্যর ১২৭ রানের জুটির ওপর। ইমরুলের জায়গায় তামিমের ওপেনিং সঙ্গী হয়ে তামিমের কথামতোই খেললেন সৌম্য। তামিমের আশা ছিল, টেস্ট বলেই কুঁকড়ে থাকবেন না সৌম্য। নিজের স্বাভাবিক খেলাটা নিশ্চয়ই খেলবেন। অধিনায়কের কথা অক্ষরে অক্ষরে মেনেছেন তিনি। ১০৪ বলে ১১ বাউন্ডারিসহ ৮৬, নিজের প্রথম টেস্ট ফিফটির প্রতিটি শটেই সৌম্য দিচ্ছিলেন হারানো ফর্ম ফিরে পাওয়ার ঘোষণা। বাজে বল পেলে সাউদি, গ্র্যান্ডহোমের এক ওভারে যেমন দুটি করে বাউন্ডারি মেরেছেন, বাউন্সারের সামনে থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন সময়মতো। তবু দুর্ভাগ্য সৌম্যের। ব্যক্তিগত ৫২ রানে গ্র্যান্ডহোমের বলে ফিরে পাওয়া জীবনকে রূপ দিতে পারেননি সেঞ্চুরিতে।
৩৮ রানে ২ উইকেট পড়ার পর সৌম্য-সাকিবের জুটিতেই পথ দেখছিল বাংলাদেশ। ওই দুই উইকেটেই ১২৮ করে লাঞ্চ। কিন্তু সৌম্যের আউটের পর আবারও সাময়িক পথহারা ইনিংস। ১৭ বলের ব্যবধানে ড্রেসিংরুমে ফিরলেন সৌম্য, সাব্বির আর সাকিব। প্রথম দিনের আসল চমকটা অবশ্য এরপরই। চা-বিরতি পর্যন্ত ওই ৫ উইকেটেই বাংলাদেশের রান ২২৫। কীভাবে?
অভিষেক টেস্ট খেলতে নামা দুই তরুণ ব্যাটসম্যান নুরুল হাসান ও নাজমুল হোসেন ষষ্ঠ উইকেটে গড়লেন ৫৩ রানের জুটি। কিউই পেসারদের সামনে টেস্টের প্রথম ইনিংসেই তরুণ নাজমুলের ৫৬ বল খেলে যাওয়াটা বড় আশার খবর। আরেক নতুন মুখ নুরুল হাসান তো অভিষেক টেস্টে ফিফটিই করে ফেলছিলেন। ব্যক্তিগত চার রানে জীবন পেয়েও পারলেন না বোল্টের পরপর দুই বাউন্সারের ফাঁদে পড়ে যাওয়ায়। ৪৩ রান থেকে বোল্টকে অন ড্রাইভে বাউন্ডারি মেরে ৪৭-এ পৌঁছে গিয়েছিলেন নুরুল হাসান। পরের বলেই বোল্ট দিলেন বাউন্সার। ডাক করে সেটা সামলালেও ওভারের তৃতীয় বলে পুল খেলতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটকিপার ওয়াটলিংয়ের হাতে।
নুরুল হাসান-নাজমুল হোসেনের মতো দিনের শেষ বেলার চমক কামরুল ইসলাম। বিরতির আগেই ৫ উইকেট হারিয়ে ফেলেও সারা দিন ব্যাটিং করায় কামরুল ইসলামের ভূমিকাই বেশি। মূলত বোলার হলেও টেস্টের ব্যাটিংটা বোধ হয় ভালোই জানা তাঁর। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ৬৩ বল। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন সাউদির পঞ্চম শিকারে পরিণত হয়ে। রুবেল হোসেনের কথাই বাদ থাকবে কেন! যেভাবে বাউন্ডারি হাঁকাতে শুরু করেছিলেন তাতে একপর্যায়ে বাংলাদেশের রানটা তিন শ হবে বলেই মনে হচ্ছিল।
কামরুলকে এলবিডব্লু করে কাল টেস্টে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেয়েছেন সাউদি। বাংলাদেশের বাকি পাঁচ উইকেটও পেসাররাই নিয়েছেন। বোল্ট নিয়েছেন ৪ উইকেট, অন্যটি ওয়াগনার।
তিন শ ছোঁয়া না গেলেও হ্যাগলি ওভালে টেস্টের শুরুর দিনটা খারাপ কাটেনি বাংলাদেশের। সবচেয়ে বড় কথা, চোটাঘাত ছাড়াই শেষ হয়েছে টেস্টের প্রথম দিন। বোল্টের একটা বল ব্যাট ছুঁয়ে রুবেলের ডান হাতের কনুইয়ে আঘাত করলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ম্যাচ শেষে করানো এক্স-রের ফলাফল ভালো। রুবেলের কনুইয়ের হাড়ে কোনো চিড় ধরেনি। বাংলাদেশ দলের চোটাঘাতের তালিকাও তাই আর লম্বা হয়নি।

























































