দেশটির মধ্যাঞ্চলের এই দাবানল তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে। অঞ্চলটিতে গ্রীষ্মকালীন তীব্র উষ্ণতা ও দীর্ঘ সময় ধরে খরার কারণে আশপাশের শুষ্ক সবকিছু নিমিষেই আগুনের গ্রাসে পরিণত হচ্ছে।
দেশটির সান্তা ওলগা নামের একটি শহর আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দেশটির এই দাবানলের সঙ্গে লড়াইয়ে ছয়জনের মৃত্যুর খবর জানা যায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ফার্নান্দেজকে উদ্ধৃত করে বিবিসি জানায়, চার দমকল কর্মী মারা গেছেন এবং মাউলে নদীতে দুই পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া গেছে।
দাবানলের কারণে রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশটির জাতীয় বন বিভাগ জানিয়েছে, পাঁচ লাখ ৮৮ হাজার একর এলাকা দাবানলে পুড়ছে এবং দাবানলের পরিধি বেড়েই চলেছে।
দক্ষিণ আমেরিকার অনেক দেশে এখন গ্রীষ্মকাল চলছে। গ্রীষ্মের উত্তপ্ত আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে মধ্যাঞ্চলের ওই এলাকাগুলো জনবিরল হওয়ায় মৃতের সংখ্যা কম বলে ধারণা করা হচ্ছে।