
স্টাফ রিপোর্টারঃ
আর কোন দাবি নাই, দাবি মোদের একটাই- “কুমিল্লা নামে বিভাগ চাই”। ময়নামতি বিভাগ হলে, বিভাগের দরকার নাই। জেগেছে রে জেগেছে, কুমিল্লাবাসি জেগেছে, রক্তে আগুন লেগেছে কুমিল্লাবাসি জেগেছে- শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে কুমিল্লার ঐতিহ্যবাহী পূর্বালী চত্ত্বর।
কুমিল্লা নামে বিভাগের দাবিতে শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বরের সামনে চতুর্থ দিনের মত জড়ো হয়ে কুমিল্লা সচেতন নাগরিকবৃন্দ এবং আমরা কুমিল্লাবাসির ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার নামে বিভাগের পরিবর্তে ময়নামতির নামে বিভাগের নামকরণ একটা গভীর ষড়যন্ত্র। এাঁ কুমিল্লাবাসির সাথে প্রতারণা। কুমিল্লা ছাড়া অন্য কোন নামে বিভাগ হতে পারে না। বিভাগ হতে হলে কুমিল্লার নামেই বিভাগ হতে হবে। আমাদের এ দাবি মানতে হবে।
অনুষ্ঠান স্থানে উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সিবিএ নেতা আব্দুল খালেক, সাংবাদিক, সাহিত্যিকসহ বিএনপি ও আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত তিন দিন ধরে কুমিল্লা নগরীতে দলমত নির্বিশেষে বিভিন্ন উপজেলা থেকে কুমিল্লা নামে বিভাগের দাবিতে একাত্বতা পোষণ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবক্ষেত্রেই কুমিল্লা নামে বিভাগের দাবিতে আন্দোলন চলছে। এই দাবীতে প্রতিদিন বিকালে কুমিল্লার ঐতিহাসিক পূর্বালী চত্ত্বরে একত্রিত হচ্ছে কুমিল্লার সাংবাদিক, সাধারণ মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ । সকলের দাবি একটাই- কুমিল্লা নামে বিভাগ চাই। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ সকলের একটাই দাবী ময়নামতি নয় কুমিল্লা নামে বিভাগ চাই।

















































