শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে । ক্ষমতার অতি লোভে সরকার বেহুশ হয়ে পড়েছে। জনগণের পকেট কেটে রাজস্ব বাড়ানোর অযৌক্তিক পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার গরীব মানুষদেরও ভ্যাটের আওতায় এনেছে। জনগণ এমনিতেই অর্থনৈতিকভাবে ত্রাহি অবস্থায় রয়েছে। আবারো গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জন্য ‘মরার উপর খাড়ার ঘাঁ’। গ্যাসের দাম বাড়ানোর ফলে সরকারের পছন্দের কিছু লোক লাভবান হবে ঠিকই, কিন্তু জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে। দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর নামে সরকার জনগণের সাথে তামাশা করেছে। গ্যাসের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে, জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব নেই, দয়া-মায়া নেই। কারণ তারা জনগণের সরকার নয়। জনস্বার্থে অবিলম্বে এই গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান বিএনপি’র এই নীতিনির্ধারক নেতা।

তিনি আরো বলেন, দেশে এখন গণতন্ত্র ও সুশাসন অনুপস্থিত। সরকারের দু:শাসন আর ব্যর্থতা সকল ক্ষেত্রে। সবক্ষেত্রে এক বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আ.লীগকে আর ভোট দেবে না। তাই সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে। দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু নির্বাচন। আর তাই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো: আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড. মোশাররফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিলকিস আকতার হোসেন, পরিচালক খন্দকার মাহবুব হোসেন, ড. মোশাররফ কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি