শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতেও গণহত্যা দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ইতিহাসের বর্বরতম গণহত্যার ভয়াল স্মৃতির কালরাত ২৫শে মার্চ। এবারই প্রথম দিবসটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়েছে। দিল্লি, মুম্বই, আগরতলা এবং কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ও উপহাইকমিশনে এ উপলক্ষ্যে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছিল বর্বরতার নানা ছবি। দেখানো হয় তথ্যচিত্র। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়েছে। কলকাতা উপদূতাবাসে এদিন সন্ধ্যায় গণহত্যা নিয়ে বক্তব্য রাখেন উপ হাইকমিশনার জকি আহাদ, মানস ঘোষ, উপেন তরফদার প্রমুখ।  জানানো হয়েছে, গত  ১১ই মার্চ জাতীয় সংসদে গণহত্যা দিবস পালনের প্রস্তাব পাস হবার পর গত ২০শে মার্চ মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রতিবছর ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও জানানো হয়েছে, একাত্তরের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস ও বর্বর  হত্যাযজ্ঞের এমন নজির গোটা পৃথিবীতে আর নেই। তাই  দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে পালনের জন্য জাতিসংঘে যোগাযোগ করা হয়েছে।  এ বিষয়ে জাতিসংঘে প্রস্তাবও পাঠানো হয়েছে । এদিন কলকাতায় উপ হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করা হয়েছে। একটি শোক পুস্তিকাও রাখা হয়েছিল। তাতে সকলেই সই করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি