
পূর্বাশা ডেস্ক :আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং ইতোমধ্যে সেই আস্থা অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
৮ এপ্রিল শনিবার দুপুরে নবনির্মিত জামালপুর জেলা সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কে এম নূরুল হুদা বলেন, রাজনীতিবিদদের আলাদাভাবে পরামর্শ দেয়ার কিছু নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। ইতোমধ্যে সেই আস্থা অর্জিত হয়েছে এবং ভবিষ্যতে সকল নির্বাচন নিরপেক্ষ করতে সচেষ্ট থাকবে কমিশন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য পরিবেশ সৃষ্টি করতে আস্থা অর্জনের চেষ্টা করতে পারে।’
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক























































