
পূর্বাশা ডেস্ক:
বিএনপির সময়েও অনেক বার তিস্তা চুক্তি নিয়ে কথা হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যস্ততা ও কূটনৈতিক কার্যক্রম চালানো হয়েছে। কিন্তু সেটা চুক্তিতে রূপান্তর হয়নি। আমাদের দীর্ঘদিনের সমস্যা, ৫কোটি মানুষের জীবন মরনের তিস্তার পানিচুক্তি নিয়ে একাধিক বার কথা বলা হয়েছে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আমাদের সময় তিস্তা চুক্তি করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাতে ডিবিসি নিউজের রাজকাহন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটি ইউ তাজ রহমান।
খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার পর অনেক বিশ্লেষক ও বিশিষ্টজনরা বলেছেন, এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এগিয়ে যেতে পারে। তিস্তার পাড়ের মানুষের কোন কাজে আসবে না এইসব চুক্তি। আমরা মনে করি, সরকার তার নিজের স্বার্থের জন্য চুক্তিগুলো করেছে। তবে বাংলাদেশের মানুষের বড় আশার তিস্তা চুক্তি ‘জিইয়ে’ রাখায় বাংলাদেশে সমালোচনার মুখে পড়বে সরকার। এ নিয়ে দীর্ঘসূত্রতায় মানুষের উৎসাহ নষ্ট হয়েছে। আবার বাংলাদেশে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলো তখনো মমতার কারণে তিস্তা চুক্তি হয়নি।
তিনি আরো বলেন, আমরা জনগণের জন্য কাজ করি, এই দেশের মালিক জনগণ তাদের জানার অধিকার আছে যে জাতীয় স্বার্থ বিরোধী কোন চুক্তি হয়েছে কিনা, তাহলে আমরাও বসে থাকবো না। ভারত আমাদের প্রতিবেশি দেশ, মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের অনেক সাহায্য করেছে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সামরিক চুক্তির মাধ্যমে সরকার দেশকে কঠিন সঙ্কটের মুখোমুখি করছে। আর এই কারণেই হয়তো দেশের-মানুষ এবং সরকারকেও কঠিন মূল্য দিতে হতে পারে। এখন থেকে বাংলাদেশ তার নিরাপত্তার জন্য ভারতের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়বে এবং ভারতের ইচ্ছা অনুযায়ী যদি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হয় তাহলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না বলে মনে করি।
১২/০৪/২০১৭ইং/ চৈতি।

























































