শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মান্দ বানুর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন।

অভিযোগ থেকে জানা যায়, ইকবাল মান্দ বানুকে তার সম্পদের হিসাব জমা দিতে ২০১২ সালের ২৫ জানুয়ারি নোটিশ দিয়েছিল দুদক। পরে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করলে স্থগিত করে হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়।

২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলাটি করেন। সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেয়ায় এ মামলা করা হয়।

মামলার তদন্ত শেষে ও অভিযোগপত্র দাখিলের অনুমোদনের পর গত ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি