শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত সফর করে শেখ হাসিনার অর্জন হিন্দি ভাষা: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ভারত সফর করে শেখ হাসিনার অর্জন হিন্দি ভাষা। সবকিছু বিসর্জন দিয়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দাদাদের সহযোগিতায় আবারও ক্ষমতায় যেতে তিনি গোলামী চুক্তি করে এসেছেন।’

রোববার বিকেলে মহিলাদলের এক কর্মী সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তরস্থ ভাসানটেক মহিলা দলের এ কর্মী সভা হয়।

রিজভী বলেন, ‘রোববার সারা দেশে ১৫৮টি ইউপি নির্বাচনে পটুয়াখালী, সিরাজগঞ্জ ও চট্টগ্রামসহ অনেক এলাকায় জোর করে চরদখলের মতো প্রশাসন ও সরকারি গুন্ডাবাহিনী আওয়ামী লীগের প্রার্থীদের পাস করানোর জন্য সব কেন্দ্র দখল করে নেয়। এসব ইউপি নির্বাচনে ইসির ভূমিকা প্রমাণ করে একমাত্র নিরপেক্ষ ও নির্দলীয় সরকার ছাড়া এদেশের কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের আশার প্রতিফলন ঘটবে না।’

মহিলা দল উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমেনা খাতুনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, দক্ষিণের সাধারণ সম্পাদক শামসুর নাহার, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, সাবেক কমিশনার রাবেয়া আলম, কাউন্সিলর খালেদা আলম, ভাসানকেট থানা বিএনপি নেতা বজলুর রহমান বজলু প্রমুখ।

রুবেল মজুমদার

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি