
পূর্বাশা ডেস্ক:
জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন নয়া জোটে ৫৮ টি রাজনৈতিক দল রয়েছে। জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জোটের মূখপাত্র করা হয়েছে।
এরশাদের নেতৃত্বাধীন নয়া জোট রাজনৈতিক মহলে তেমন গুরুত্ব পায়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগও পাত্তা দিচ্ছে না এরশাদের জোটকে। দলটির একাধিক নেতা বলেছেন, জাপা মহাজোটে আছে। আবার সম্মিলিত জাতীয় জোট নামে নয়া জোটের ঘোষণা দিয়েছে। একাদশ সংসদ নির্বাচনের আগে হয়ত আরও নাটক উপহার দেবেন এরশাদ।
এরশাদের জোটে ৫৮ টি দলের কথা বলা হলেও নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে মাত্র দু’টি দলের। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশিরভাগ দলেরই নিবন্ধন নেই।
নির্বাচন কমিশনে বর্তমান নিবন্ধনকৃত দল রয়েছে ৪১ টি। এর মধ্য জামায়াতে ইসলামের নিবন্ধন স্থগিত রেখেছে হাইকোর্ট। ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাপা, জামায়াতে ইসলামী, ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, বিজেপি, জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, এলডিপি, বিকল্প ধারা, ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি ছিল সংসদে। বর্তমান সংসদে আওয়ামী লীগ, জাপা, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন ও বিএনএফেরর প্রতিনিধি রয়েছে।
০৭/০৫/২০১৭/ Choity.























































