রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির চুক্তি নবায়নের তাগিদ নেইমারের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

বার্সেলোনাকে যত দ্রুত সম্ভব লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে বলেছেন নেইমার। ন্যু ক্যাম্পে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটাতে জোর তাগিদই দিচ্ছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

মেসির চুক্তি নবায়ন ইস্যুটি লম্বা সময় ধরে আলোচিত। ২০১৮ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এখনো নতুন চুক্তিতে সই করেননি আর্জেন্টাইন আইকন। জানা যায়, বছরে ৩০ থেকে ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি! বলা বাহুল্য, ইতোমধ্যেই আক্রমণভাগে মেসির দুই সঙ্গী নেইমার ও লুইস সুয়ারেজ নতুন চুক্তি করে ফেলেছেন।

বার্সা ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেস্ত্রের দাবি, একটি আকর্ষণীয় চুক্তি নবায়ন এখনো বাকি। নেইমার জোর দিয়েই বলছেন, মেসির সঙ্গে চুক্তি সম্পন্নের এখনই সময়। ক্লাব সতীর্থের প্রতি ভূয়সী প্রশংসাই ঝরেছে তার কণ্ঠে, “আমি এখানে মেসির সঙ্গে চার বছর ধরে খেলছি এবং প্রতিদিনই শিখছি কীভাবে বল স্ট্রাইক করতে হয়, ম্যাচে কীভাবে সচেতন থাকতে হয়… মেসি অন্য গ্রহ থেকে এসেছে।”

নেইমার বলেন “সে একজন আদর্শ এবং একজন বন্ধু যার সঙ্গে প্রতিদিন ট্রেনিং করতে পারাটা আমার সৌভাগ্য। তার চুক্তি নবায়নের ব্যাপারে আমি আশাবাদী এবং লিও (মেসি) যাতে আমাদের সঙ্গেই থাকে তা নিয়ে কাজ করবে বার্সা।”

১০মে ২০১৭/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি