শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।  শনিবার সকালে এই তল্লাশি শুরু হয়। তার আগে আজ সকালেই ওই কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মচারী জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা কার্যালয়ে ঢোকে। পুলিশ সদস্যরা প্রথমে কার্যালয়ের সমনের ৮৬ নম্বর সড়কের দুই প্রান্ত আটকে দেয়। তারা কার্যালয়ের নিচতলা ও দোতলার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ফেলে। এরপর শুরু হয় তল্লাশি। এসময় বিভিন্ন রুমের কাগজপত্র উল্টেপাল্টে দেখে ও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নয়টার কিছু সময় পরে তল্লাশি শেষে পুলিশ চলে যায়।
তল্লাশি চলাকালীন গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমাদের কাছে আদালতের নির্দেশনা আছে এই কার্যালয়ের ভেতরে রাষ্ট্রবিরোধী কোনো কিছু আছে কি না, তা খতিয়ে দেখার। ওয়ারেন্ট রয়েছে, তা অনুযায়ী তল্লাশি শুরু করেছি।
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন আগে খালেদার এই কার্যালয়ে এক ট্রাক বই আনার খবর তারা পেয়েছেন। সেই বইকে ঘিরে তাদের সন্দেহ হচ্ছে। অভিযান শুরুর সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ কার্যালয়ে ছিলেন না। খবর শুনে সকাল পৌনে ৯টার দিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল সেখানে উপস্থিত হন। তল্লাশি শেষ হলে সকাল সাড়ে নয়টার কিছু পরে তাঁদের বেরিয়ে আসতে দেখা যায়।
তল্লাশি শেষে কার্যালয়ের সামনের ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। এসময় কিছু পাওয়া গেছে কি না তা পুলিশের পক্ষ থেকে জানা যায়নি

পূর্বাশানিউজ/২০-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি