
পূর্বাশা ডেস্ক:
অতীতে বায়ুসেনার সঙ্গে তিক্ত সম্পর্কের জন্য সেনাবাহিনীর অন্দরে ফের নিজস্ব আলাদা ‘মিনি এয়ারফোর্স’ গঠনের দাবি মাথাচাড়া দিয়ে উঠল। তবে সেনার একটি সূত্রে খবর, নিজস্ব ছোট বায়ুসেনা গঠনের খরচ হবে অনেক।
আপাতত সেনাবাহিনী হেভি-ডিউটি অ্যাটাক হেলিকপ্টারের তিনটি স্কোয়াড্রন চায়। প্রতিটি স্কোয়াড্রনে থাকবে ১৩টি করে চপার। বাহিনীর তিনটি স্ট্রাইক কর্পস এই তিনটি স্কোয়াড্রন ব্যবহার করবে। মথুরা ১ কর্পস, অম্বালা ২ কর্পস ও ভোপাল ২১ কর্পস এই অ্যাটাক হেলিকপ্টারগুলি ব্যবহার করবে। শত্রু ঘাঁটিতে হামলার জন্য প্রাথমিকভাবে এই দাবি ক্রমশ জোরাল হচ্ছে সেনাবাহিনীর অন্দরে।
১৩ লক্ষ সেনা নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর জন্য কেন্দ্রের কাছে ১১টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার চায় সেনাবাহিনী। সম্প্রতি কেন্দ্রের কাছ থেকে ১৩, ৯৫২ কোটি টাকা খরচ করে আমেরিকার কাছ থেকে এরকম ২২টি চপার পেয়েছে বায়ুসেনা। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে আগামী শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ডিফেন্স অ্যাকুজিশন কাউন্সিল(উঅঈ)। ওই বৈঠকেই এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
সেনা চায়, নয়া অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকুক। হেলিকপ্টার গানশিপ থেকে শত্রু ঘাঁটি টার্গেট করে গুঁড়িয়ে দিতে যাতে বায়ুসেনার অনুমতি না লাগে, সেটাই এখন সেনার লক্ষ্য। কারণ, অনুমতি পেতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। যুদ্ধের সময় প্রতিটি সেকেন্ডের গুরুত্ব অনেক। তবে বায়ুসেনার গুরুত্বকে এতটুকুও খাটো করে দেখছে না সেনাবাহিনী। কারণ, শত্রুদের ট্যাঙ্ক, ঘাঁটি গুঁড়িয়ে দিতে পদাতিক সেনা সমর্থ হলেও বড়সড় হামলার জন্য এখনও বায়ুসেনার অবদানই সর্বশ্রেষ্ঠ।
পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/মাহি
























































