শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগে যোগ দিতে কেন্দ্রের অনুমতি লাগবে: ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অন্য দল থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিতে চাইলে কেন্দ্রের অনুমতি লাগবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২২ মে সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ কথা বলেন। গত শনিবার দলের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলে ‘আবর্জনা’ না টানার পরামর্শ দেওয়ার পর সাধারণ সম্পাদক এই নির্দেশনা দিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রের অনুমতি ছাড়া কেউ দলে যোগ দিলে সেটা স্বীকৃত হবে না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘খেয়াল রাখবেন, সাম্প্রদায়িক অপশক্তি যেন আওয়ামী লীগে যোগ দিতে না পারে। এরা দলে ঢুকে বিভিন্ন অপকর্ম করে।’

নির্বাচনকে সামনে রেখে আগাম প্রার্থিতা ঘোষণা করে দলের ভেতরে বিবাদ সৃষ্টি না করতে আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলীয় সিম্বল নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন ওবায়দুল কাদের।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি