শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তাপদাহে পুড়ছে দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃষ্টির দেখা নেই। জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে দেশের বিস্তীর্ণ এলাকা। মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগ এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে। তাপদাহে নাকাল রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকার জনজীবন।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে নামবে বৃষ্টি। ভারি বৃষ্টি না হওয়া পর্যন্ত কমবে না গরম। আবহাওয়ার পূর্বাভাসেও আগামী পাঁচ দিনে গরম কমার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে এমন তাপমাত্রা স্বাভাবিক। অতীতেও তাই ছিল।

তবে এবার এমন তীব্র গরম কেন অনুভূত হচ্ছে এর জবাবে আবহাওয়াবিদ শামীম হাসান ভূঁইয়া বলেন, ‘ঢাকায় পাকা দালানের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সিমেন্ট নির্মিত ভবনগুলো দিনের বেলায় রোদের তাপ শোষণ করে। রাতে তাপ নির্গমন করে। এতে ঘরের ভেতরে তীব্র উত্তাপ সৃষ্টি হয়। যার কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে। এ ছাড়াও গাছের সংখ্যা কমে যাওয়া এবং গাড়ির ইঞ্জিন ও শীতাতপ যন্ত্রের ব্যবহার গরমকে আরও বাড়িয়ে দিয়েছে।’

গরমে নাকাল জনজীবন। হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগী প্রতিদিনই বাড়ছে। রাজধানীর মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে ডায়রিয়ায় আক্রান্ত ৫০০ রোগী ভর্তি হচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ ডা. আয়েশা বেগম জানিয়েছেন, ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে সাতশ’ রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও বেড়েছে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা।

চিকিৎসকরা বলছেন, তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরছে। এতে শরীর থেকে লবণ বের হয়ে যায়। ফলে শরীরের রক্তচাপ কমে যায়, দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। যারা বাইরে কাজ করেন, প্রয়োজনীয় পানি পানের সুযোগ পান না, তারা মারাত্মক পানিস্বল্পতার শিকার হচ্ছেন। শ্রমজীবী মানুষই এর শিকার হচ্ছেন বেশি।

যশোর অফিস জানিয়েছে, গত পাঁচ দিন ধরে তাপপ্রবাহ বইছে যশোর ও আশপাশের এলাকায়। নাকাল হয়ে পড়েছে জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না গরমের কারণে।

৫৫ বছর বয়সী রিকশাচালক আবদুস সামাদ জানান, গরমের কারণে তিন দিন রিকশা চালাতে পারেননি। পেটের দায়ে মঙ্গলবার থেকে আবারও রাস্তায় নেমেছেন।

চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

গত বছরের এপ্রিল ও মে মাস খুবই শুষ্ক ছিল। বৃষ্টি হয়েছে হাতেগোনা কয়েক দিন। এ কারণে গত বছর এপ্রিল ও মে মাসে পারদও চল্লিশ ডিগ্রি ছাড়ায়। এ বছর আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি